বেরোবির রিআর্থ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- আপডেট সময় : ১১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পরিবেশ ও সামাজিক সংগঠন রিআর্থ ক্লাব, বেরোবি-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঘোষিত এই কমিটিতে আল শাহারিয়া সভাপতি, হাফিজ আল হিমু সম্পাদক এবং প্রতীক গোলদার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই কমিটির মেয়াদ অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত ছয় মাস নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের আগ্রহ, পূর্বের সক্রিয়তা, অংশগ্রহণ, অবদান, দক্ষতা ও সক্ষমতা বিবেচনার পাশাপাশি প্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি তীর্থাঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক আদিয়াত খান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক পায়েল আহমেদ, ডকুমেন্টেশন লিড নীলাদ্র মোহাইমিন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস সম্পাদক আল তাবাসসুম শুভা, প্রচার সম্পাদক জান্নাতুল মাওয়া ফাইজা, কোষাধ্যক্ষ নাফসে জাকিয়া নাবিলা এবং প্রশাসনিক সম্পাদক নিলয় দাস।
নবনির্বাচিত সভাপতি আল শাহারিয়া বলেন, শুরু থেকেই পরিবেশ ও সমাজের নানা প্রশ্নকে তরুণদের চিন্তা, আলোচনা ও অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে এই কাজকে আরও সংগঠিত ও বিস্তৃত করা হবে। পরিবেশ, জলবায়ু ও সামাজিক ইস্যুতে শিক্ষার্থী ও জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের বোঝাপড়া, চিন্তাশীলতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা অন্যতম লক্ষ্য। সাধারণ সম্পাদক হাফিজ আল হিমু জানান, তার লক্ষ্য থাকবে এই যাত্রাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করা এবং কাজের মাধ্যমে সমাজ ও পরিবেশবিষয়ক চিন্তার জগৎকে আরও শানিত করা।
সংগঠনটির উপদেষ্টারা জানিয়েছেন, নতুন কমিটির সদস্যদের সহযোগিতায় রিআর্থ ক্লাব, বেরোবি-এর কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এর পাশাপাশি পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ঝুঁকি, সামাজিক ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। রিআর্থ ক্লাব তরুণদের নেতৃত্বে পরিবেশ ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা একটি যুব সংগঠন, যার স্লোগান হলো— “ন্যায়, সহনশীলতা ও টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের নেতৃত্বে পরিবেশ ও সামাজিক সংগঠন।”




























