ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সারাদেশে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতির পরিকল্পনা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের এই ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (১১ অক্টোবর) বৈঠকের বিষয় নিশ্চিত করে নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম জানান, সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কমিশন সূত্রে জানা গেছে, এবারের বৈঠকের আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অধীনে দেশজুড়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা এবং অন্যান্য স্তরের স্থানীয় সরকার পরিষদের সময় নির্ধারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
ইসির অভ্যন্তরীণ প্রশাসনিক ও নীতিগত কার্যক্রমে গতি আনতে আরও কিছু বিষয় সভায় রয়েছে। বিশেষ করে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সহজ করার লক্ষ্যে কর্মকর্তাদের মাঝে ক্ষমতা অর্পণ ও বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদন ও সংশ্লিষ্ট বিষয়াবলি নিয়েও বিস্তারিত আলোচনার কথা রয়েছে।























