কুষ্টিয়ায় আধিপত্যের দ্বন্দ্বে বৃদ্ধকে ফালা ছুড়ে হত্যা, আটক ১
- আপডেট সময় : ০১:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধের জেরে হালিম সর্দার (৬০) নামে এক বৃদ্ধকে ফালা ছুড়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে বিলের দিকে যাওয়ার সময় তার ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। অন্যদিকে আটক হওয়া বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় নজরুলের বাড়ির ছাদ থেকে তাকে লক্ষ্য করে একটি ফালা ছুড়ে মারা হয়। দেশীয় এই অস্ত্রটি সরাসরি তার গলায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এলাকাবাসী জানান, একটি মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর-খয়েরপুর এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। স্থানীয় মান্নান মেম্বার ও বকুল সমর্থিত পক্ষের সঙ্গে ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থিত পক্ষের বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষের জন্য জড়ো হন। ওই এলাকায় যাওয়ার পথেই হামলার শিকার হন হালিম সর্দার।
হত্যাকাণ্ডের পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বকুল সর্দারকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খয়েরপুর এলাকায় দুই পক্ষের বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























