ভাত চুরির অপবাদে আজমুল হত্যা: মামলার আসামি রিফাত গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

খুলনার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকায় এবং তার বাবার নাম মনোয়ার হোসেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকেই রিফাত আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে খুলনা ও বরিশাল র্যাবের একটি যৌথ দল পিরোজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার খানজাহান আলী হলের পেছনের ইসলাম নগর রোডের একটি ছাত্রাবাসের গলি থেকে আজমুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে 'ভাত চুরির' অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে জানা যায়।




























