ভারতের হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে আনুষ্ঠানিক অনুমোদন
- আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়ামকে নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করা হয়। ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। রিয়াজ হামিদুল্লাহকে এর আগে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, সিয়ামের নিয়োগের জন্য ভারতের কাছে চাওয়া আনুষ্ঠানিক সম্মতিপত্রটি মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্রটি আটকে রাখা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছিল।
চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় আসার পর দুই দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিকে ঘিরে ঢাকার পক্ষ থেকে অস্বস্তি প্রকাশ করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় বা রিসেট করার ক্ষেত্রে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য ক্ষেত্র প্রস্তুত করার দায়িত্ব পালন করতে হবে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়ামকে।




























