অনলাইনে নারী হয়রানি ও এআইয়ের অপব্যবহার রোধে আখতার হোসেনের আহ্বান
- আপডেট সময় : ০৪:১৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে নারীদের হয়রানি ও অবমাননা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সহজেই ছবি তৈরি ও সম্পাদনা করা যাচ্ছে এবং এই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারীদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অনলাইনে নারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা প্রয়োজন।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘আফসানা করিম রাচি সাইকেল অ্যান্ড স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন ২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির স্মরণে নারী শিক্ষার্থীদের জন্য এই সাইকেল ও স্কুটি চালনা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৯ নভেম্বর জাবি ক্যাম্পাসে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রাচি।
এবারের প্রশিক্ষণে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী অংশ নিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। এ প্রসঙ্গে আখতার হোসেন আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তব জীবনে নিরাপদে চলাচল ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং একই সঙ্গে গণতান্ত্রিক চর্চা জোরদার করা প্রয়োজন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে আখতার হোসেন বলেন, নিয়মিত নির্বাচন হলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও শক্তিশালী হবে। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের অধিকারের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভি মটরস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম পারভেজ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল ইভি মটরস বাংলাদেশ।





























