কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের আরশীনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে সেলুনে ঢুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত ফরহাদ ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশীনগর এলাকায় বসবাস করতেন। তিনি মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার 'পাটালি গ্রুপ' নামক কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য ছিলেন।
নিহতের বন্ধু ও স্বজনদের সূত্রে জানা গেছে, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সম্প্রতি 'অ্যালেক্স গ্রুপ' নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এককালীন ৫০ হাজার টাকা এবং দৈনিক নির্দিষ্ট অঙ্কের চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। ফরহাদ চাঁদা দিতে অস্বীকার করায় তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে তিনি যখন আরশীনগর এলাকার 'রাজ সেলুনে' চুল কাটাতে যান, তখন সাব্বিরের নেতৃত্বে আরমান, সোহেল, সাগর ও হাবিবসহ ১০-১৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটে তিনজন যুবক পিস্তল ও চাপাতি নিয়ে সেলুনে প্রবেশ করে। সেলুনে ঢোকার পরপরই একজন পকেট থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় সেলুন থেকে দুজনকে দৌড়ে বের হতে দেখা যায়। এরপর হামলাকারীরা ফরহাদকে টেনে বের করে লুঙ্গি ধরে রেখে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলুন মালিক ইরফান জানান, সেভ করার শেষ মুহূর্তে তিন যুবক সেলুনে ঢুকে তাকে কাছ থেকে গুলি করে। এরপর সেলুনের বাইরে নিয়ে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস জানান, দুপুর সোয়া ৩টার দিকে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ব্যক্তি ও হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিস্তারিত পরিচয় পাওয়া যাবে।




























