বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, অভিযুক্ত চাঁদাবাজ তামিম
- আপডেট সময় : ০৩:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মো. রানা (৩৫) নামের এক যুবক। তিনি পেশায় একজন গাড়িচালক এবং গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে তিনি রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় বসবাস করেন। শনিবার রাত ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রানা জানান, ঘটনার দিন বিকাল ৩টার দিকে তিনি উত্তর বাড্ডায় জয় নামের এক পরিচিত ব্যক্তির বাসায় দাওয়াত খেয়ে একটি রুমে ঘুমাচ্ছিলেন। ওই সময় ঘরে জয়ের পাশাপাশি রানার এক ছোট ভাইও উপস্থিত ছিলেন। রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হলে বাইরে থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জয় দরজা খুলে কাউকে না দেখে মূল ফটকের কাছে গেলে হঠাৎ তামিমসহ আরও দু’জন ভেতরে প্রবেশ করে।
রানার ভাষ্যমতে, ঘরে ঢুকেই তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। রানা সরাসরি একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিমকে এই হামলার জন্য দায়ী করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোই এই হামলার মূল কারণ বলে তিনি দাবি করেন। রানা জানান, তামিম তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন, যা তিনি দিতে অস্বীকার করেন। সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে। আহত রানার দাবি অনুযায়ী, অভিযুক্ত তামিমের বিরুদ্ধে বাড্ডায় একাধিক খুনের মামলাও রয়েছে।


























