ফতুল্লায় ডিজিএফআই পরিচয়ে প্রতারণার দায়ে গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
পুলিশ জানায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি ডিজিএফআই পরিচয় দিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায় এবং তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


























