ভক্সওয়াগনের বড় ছাঁটাই: ২০৩০ সালের মধ্যে চাকরি হারাবেন এক লাখ কর্মী
- আপডেট সময় : ১২:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৪। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের ব্যবসায়িক কাঠামোর বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে আরও ৫০ হাজার চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে কোম্পানিটির মোট এক লাখ পদ বিলুপ্ত হতে যাচ্ছে। অডি, পোর্শা, স্কডা এবং ভক্সওয়াগন ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি চলতি বছরের মার্চ মাসে জানিয়েছিল যে, দশকের শেষ নাগাদ তারা ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে।
ভক্সওয়াগনের প্রধান নির্বাহী অলিভার ব্লুমে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই পদক্ষেপকে কোম্পানির ভবিষ্যতের জন্য একটি জোরালো বার্তা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন যে, কোম্পানিটি তাদের সমগ্র কর্মীবাহিনীর প্রতি দায়িত্ব পালন করছে। এর আগে জুলাই মাসে ব্লুমে অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনাধীন থাকার কথা জানিয়েছিলেন।
বিটল নির্মাতা প্রতিষ্ঠানটি বর্তমানে বিক্রি কমে যাওয়া এবং বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলোর সাথে তীব্র প্রতিযোগিতার কারণে মুনাফা হ্রাসের চ্যালেঞ্জের মুখে রয়েছে। পরিবর্তিত চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখতে বৈশ্বিক কর্মী সক্ষমতার মৌলিক সমন্বয় প্রয়োজন বলে কোম্পানিটি জানিয়েছে। ভক্সওয়াগন জানিয়েছে, ব্যবস্থাপনা পর্যায়ের পদসহ গ্রুপজুড়ে প্রায় ৫০ হাজার পদের সমন্বয় করা হবে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এখন সবচেয়ে আকর্ষণীয় গাড়িগুলোকে অগ্রাধিকার দেবে এবং প্রতিটি মডেলের উৎপাদন বাড়িয়ে ব্যয় কমানোর চেষ্টা করবে। এছাড়া এমডেন, জ্ভিকাউ, হ্যানোভার এবং নেকারসুল্ম কারখানার ভবিষ্যৎ নিয়েও তারা পর্যালোচনা করছে, কারণ সেখানে উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি। কারখানাগুলোর বিকল্প ব্যবহারের সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে।
ভক্সওয়াগনের নয় দশকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পুনর্গঠন প্রক্রিয়া। ২০২৫ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ভক্সওয়াগনের ছয় লাখ ৬০ হাজারের বেশি কর্মী কর্মরত ছিল। সিয়াট, বেন্টলি ও ল্যাম্বরগিনি ব্র্যান্ডের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের এই পরিস্থিতিতে ইউরোপের সবচেয়ে বড় শিল্প শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের সভাপতি এবং ভক্সওয়াগনের সুপারভাইজরি বোর্ডের উপ-চেয়ার ক্রিস্টিয়ানে বেনার জানিয়েছেন, সংকট মোকাবিলায় তারা ভালো সমাধানের জন্য কঠোর লড়াই করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভক্সওয়াগনের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। এক সময়ের বড় বাজার চীনে বিক্রি হ্রাস পাওয়া এবং যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত গাড়ি আমদানির শুল্কের প্রভাবকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, নতুন প্রযুক্তি ও কম উৎপাদন খরচের সুবিধা নিয়ে বিওয়াইডি’র মতো চীনা গাড়ি নির্মাতারা যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন বাজারে দ্রুত নিজেদের অবস্থান শক্তিশালী করছে।



























