বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ
- আপডেট সময় : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
হোয়াইট হাউজের প্যাডে পাঠানো ওই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের কথা তিনি ভুলবেন না। সেই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে ডনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। এছাড়া নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস ব্যক্ত করেন।
এর আগে, গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। সার্জিও গর উল্লেখ করেন, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বোয়িং কেনাকাটা নিয়ে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ সম্পন্ন হয়েছে। এই তথ্যের একদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠিটি পাঠালেন।
























