জনরায় উপেক্ষা করে সরকার টিকে থাকতে পারে না: খেলাফত মজলিস
- আপডেট সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি গণসমাবেশের আয়োজন করেছে খেলাফত মজলিস। সংগঠনটির বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নেতারা জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং জনগণের মতামতের প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশটি পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আহমদ হুসাইন এবং সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা আ. ফ. ম. শুয়াইব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় আসা কোনো সরকার যদি জনগণের প্রত্যাশাকে অগ্রাহ্য করে, তবে ইতিহাসে তাদের পরিণতি স্পষ্ট। তিনি আরও বলেন, জনরায়কে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারে না। রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলার মাধ্যমেই একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব। এছাড়া তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বিমানবন্দর ও ফ্লাইটজনিত ভোগান্তি নিরসনে সিলেটের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুতি এবং জনগণের মতামতের প্রতি অবজ্ঞা রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা জাতীয় ঐক্য ও জবাবদিহিতার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, ইউরোপের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় উপদেষ্টা ক্বারী আব্দুল মুকিত আজাদ, ব্রিটিশ পার্লামেন্টের এমপি আইয়ুব খান এবং যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং কমিউনিটি সদস্যরা সমাবেশে অংশ নেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ছিল।



























