শিক্ষকদের সোশ্যাল মিডিয়া নজরদারিতে মাউশির বিশেষ কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজরদারি নিশ্চিত করতে সরকার একটি 'সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি' গঠন করেছে। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মাউশির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের 'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)' এবং সরকারি আচরণবিধি যথাযথভাবে মেনে চলা বাধ্যতামূলক। এই নীতিমালাগুলো সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকি করাই এই নতুন কমিটির মূল লক্ষ্য।
নির্দেশনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নির্দেশিকাবহির্ভূত, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অসত্য কনটেন্ট নজরে এলে তা অগ্রাধিকার ভিত্তিতে কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে হবে। সংশ্লিষ্ট কোনো শিক্ষক বা কর্মচারী যদি এ ধরনের স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও বা পোস্ট প্রকাশ করেন, তবে তা দ্রুত সংরক্ষণ করে কমিটির কাছে তথ্য পাঠাতে বলা হয়েছে।
তথ্য পাঠানোর সময় সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি, কর্মস্থল, ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক, পোস্টের তারিখ ও সময় এবং পোস্টের স্ক্রিনশটসহ প্রয়োজনীয় প্রমাণাদি কমিটির আহ্বায়কের ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। মাউশির মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী, আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ এবং সিনিয়র সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সব দপ্তরে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।



























