জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৪:৫৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

জ্বালানি খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনগুলোতে অপরিকল্পিত সিদ্ধান্ত এবং নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে নেওয়া নীতিমালার খেসারত আজ দেশ ও জনগণকে দিতে হচ্ছে। বর্তমান সরকার এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ শুরু করেছে।
তারেক রহমান আরও উল্লেখ করেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে। তবে সরকার জনদুর্ভোগের বিষয়টি অস্বীকার করছে না। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পন্ন ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে। স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। তিনি চিকিৎসকদের সরকারি-বেসরকারি পর্যায়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
রাজনীতিতে পেশাজীবীদের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতনতা অযৌক্তিক নয়, তবে তা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে রাজনীতির গুণগত পরিবর্তনের দাবি জোরালো হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ১০১-এ উন্নীত করা এবং দ্রুত হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া চিকিৎসকদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা। সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণ এবং জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


























