পদক জয়ের প্রত্যাশায় চীনে যাচ্ছে বাংলাদেশের স্কেটিং দল
- আপডেট সময় : ০২:৩৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ স্কেটিং দল। ২২ জন স্কেটার—যাদের মধ্যে ১২ জন মেয়ে ও ১০ জন ছেলে রয়েছে—এবং পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ জনের এই বহরটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেবে। আগামী ১০ থেকে ১২ আগস্ট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ান। টুর্নামেন্টে পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। গত বছর এখান থেকেই দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল লাল-সবুজের স্কেটাররা। বিশেষ করে নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক এনে দিয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফেডারেশন।
যাত্রার আগে গতকাল বৃহস্পতিবার দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, 'গতবার নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক আমাদের এনে দিয়েছিল। এবারও আমরা স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।'

























