সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট
- আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এর মাধ্যমে মামলাটিতে ১২৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।
বুধবার (২২ জুলাই) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘদিন তদন্তের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাব থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের ওপর ন্যস্ত করার নির্দেশ দেন। আদালত ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় হাইকোর্ট ২৩ অক্টোবর তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাসের সময় প্রদান করেন।
২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি।

























