মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানো এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
বন্দর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী জেটি এলাকা, বন্দর সম্প্রসারণ প্রকল্প, কনটেইনার ইয়ার্ডসহ নানা অবকাঠামোগত সুবিধা সরজমিনে ঘুরে দেখেন। এ সময় মোংলা বন্দরের আধুনিকায়ন কাজ ত্বরান্বিত করার তাগিদ দেওয়ার পাশাপাশি সার্বিক পরিচালন ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি ও মোংলা বন্দরের সার্বিক সক্ষমতা পর্যালোচনায় বৃহস্পতিবার সকালে সরকারি সফরে সেখানে পৌঁছান তারেক রহমান। এর আগে সকালে খুলনা ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল হেলিকপ্টার ও জলযানে পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। পরবর্তীতে সেখান থেকে তিনি সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় পৌঁছান।
বন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এ সফরে তারেক রহমানের সঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দর এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত ইকোনমিক জোনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।



























