মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় একটি ভয়াবহ দুর্ঘটনায় চীনা প্রকৌশলীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কারখানার ফার্নেসে ত্রুটি দেখা দিলে গলিত লোহা ছিটকে চারজন শ্রমিক ও প্রকৌশলী দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতদের মধ্যে চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩) এবং শ্রমিক শরিফুল ইসলাম (২৭) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের মনির হোসেন (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় শরিফুল ইসলাম এবং একই দিন রাত সাড়ে ৯টায় মনির হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় আহত অপর শ্রমিক জুয়েল (৩৬) এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নিহতের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় কারখানা কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানিয়েছেন, নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।


























