বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত সাইবার ইউনিট
- আপডেট সময় : ০২:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় নতুন একটি বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই নতুন ইউনিটের কার্যক্রম শুরু করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
তবে এই ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন এবং অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত করা হয়নি। এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব, নতুন পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ বিস্তারিত তথ্য তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


























