ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা জামাই, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মেয়ের জামাইয়ের সঙ্গে ধস্তাধস্তিতে এক শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৪৮)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে সিদ্দিকুর রহমানের বসতঘরের পাশে থাকা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান তার জামাই রাসেল। এ সময় অটোরিকশার কাছ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বাইরে বের হন। অন্ধকারের মধ্যে চোর সন্দেহে তারা রাসেলকে ঝাপটে ধরেন। এ সময় রাসেলের সঙ্গে তার শ্বশুর সিদ্দিকুর রহমানের প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে রাসেলের মারাত্মক আঘাতে গুরুতর জখম হন সিদ্দিকুর রহমান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
can ঘটনার পরপরই রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাসেলকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আঘাত পেয়ে সিদ্দিকুর রহমান নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্ত রাসেল নিহত ব্যক্তির আপন মেয়ের জামাই। বর্তমানে পুলিশি হেফাজতে হাসপাতালে রাসেলের চিকিৎসা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪০


























