বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
- আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। এই নীতিমালার আওতায় প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা নগদ অর্থ, একটি ক্রেস্ট এবং একটি সম্মাননা সনদ প্রদান করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এই নীতিমালা অনুযায়ী, দিবসটি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে উদযাপিত হবে এবং কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সমন্বয়ের দায়িত্ব পালন করবে। দিবসটি উদযাপনের মূল তিনটি উদ্দেশ্যের মধ্যে রয়েছে ইউনেস্কোর প্রতিপাদ্য অনুসরণ করা, সমাজের সব স্তরে শিক্ষকদের অবদান তুলে ধরা এবং সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
নির্ধারিত ১০০ জন গুণী শিক্ষকের সম্মাননা তালিকাটি বিভিন্ন পর্যায় ও খাত অনুযায়ী বিন্যস্ত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা থেকে ১০ জন (সাধারণ ৫ ও মাদ্রাসা ৫), মাধ্যমিক পর্যায় থেকে ২০ জন (সাধারণ ১০, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫) এবং কলেজ পর্যায় থেকে ২৫ জন (সাধারণ ১৫, কারিগরি ৫ ও মাদ্রাসা ৫) শিক্ষক নির্বাচিত হবেন।
এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য ২০ জন (সরকারি ১৫ ও বেসরকারি ৫) এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ২০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হবে। বিশেষায়িত প্রতিষ্ঠানের ২০ জনের মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষকও এই সম্মাননা তালিকায় স্থান পাবেন।


























