সেপ্টেম্বরের ১৬ দিনেই আগস্টের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল
- আপডেট সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। চলতি সেপ্টেম্বর মাসের ১৬ দিনে যে পরিমাণ রোগী শনাক্ত হয়েছে, তা আগস্ট মাসের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হলেও সেপ্টেম্বর মাসের আজ বুধবার পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭০ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। এই সময়ের মধ্যে রেকর্ড ১ হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। এর আগে গত সোমবার সর্বোচ্চ ভর্তির রেকর্ড হয়েছিল, যা দুই দিনের ব্যবধানেই ভেঙে গেল। এ পর্যন্ত চলতি মাসে মারা গেছেন ৭৪ জন, যেখানে আগস্ট মাসে মোট মৃত্যু ছিল ৫৪ জন।
নতুন করে মারা যাওয়া সাতজনই ঢাকার বাইরের বাসিন্দা। এর মধ্যে তিনজন খুলনা বিভাগের এবং অন্য চারজন চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৪ জন ঢাকা বিভাগের (দুই সিটি বাদে) এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৯ জন খুলনা বিভাগে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ঢাকা বিভাগে (দুই সিটি বাদে) মোট ৯ হাজার ৫০৬ জন এবং খুলনা বিভাগে ৯ হাজার ৩১২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জনস্বাস্থ্য ও কীটতত্ত্ববিদেরা মাসের শুরু থেকেই উচ্চ সংক্রমণের আশঙ্কা করেছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবীরুল বাশার বলেন, ডেঙ্গু নিয়ে শুরুর দিকে অবহেলা ছিল। তিনি আরও বলেন, এ মাসে রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগগুলো মিডিয়া কাভারেজের বাইরে নিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব।



























