ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ডে তদন্ত কমিটি গঠন করল ঢাবি প্রশাসন
- আপডেট সময় : ০৭:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম প্রথম আলোকে জানান, ডাকসুর নেওয়া এসব বিতর্কিত কার্যক্রম সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডাকসুর বিরুদ্ধে মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর তদন্ত চালানো হবে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন। এছাড়া ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও আবদুল মালেকের ছবি প্রদর্শনকে ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ও অগ্রহণযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৯৭৩-এর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। এছাড়া ডাকসুর যেকোনো সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ওয়েবসাইট চালু করে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বাইরে আনা আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে যে, বিশ্ববিদ্যালয়ে দ্বৈত প্রশাসন পরিচালনার কোনো সুযোগ নেই এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো পাশ কাটিয়ে কোনো সমান্তরাল প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এসব সংবাদ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর অনুচ্ছেদ ২৪(এ) অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও বিধিমালার চতুর্দশ অধ্যায়ের ৪ নম্বর ধারার নোট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেকোনো সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে গ্রহণ করবে।



























