বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৯৮ বার পেছাল
- আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদনটি দাখিলের নির্ধারিত দিন থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা আদালতে জমা দিতে ব্যর্থ হয়। এর ফলে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৮ বারের মতো পেছানো হলো।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলার পরবর্তী তারিখ হিসেবে আগামী ১৯ অক্টোবর নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, দেশের ভেতরে থাকা কোনো প্রভাবশালী চক্রের সহায়তায় এই অর্থ চুরি ও পাচারের ঘটনাটি ঘটেছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা এই মামলাটির তদন্তভার পরদিন, অর্থাৎ ১৬ মার্চ, সিআইডির ওপর ন্যস্ত করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটি তদন্ত করে আসছে।




























