ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বর লংমার্চ
- আপডেট সময় : ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৬। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ওইদিন শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ ও পথসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে। তিনি স্পষ্ট করেন যে, এই লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি সরকারকে গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত লংমার্চের বহরকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিতে হবে। এছাড়া পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভা সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করার নির্দেশনা দেন তিনি। প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় পথসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে আটটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।
প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

























