ডিগ্রিহীন ডা. নুরুল হককে আইসিএমএইচের শিশু বিভাগের প্রধানের দায়িত্ব
- আপডেট সময় : ০৬:৫০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) শিশু বিভাগের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির নবজাতক বিভাগের অধ্যাপক ডা. আ.ন.ম. নুরুল হক ভূঁইয়া। সোমবার (১৯ অক্টোবর) আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব অর্পণ করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুজিবুর রহমান স্থায়ীভাবে চলে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নুরুল হক ভূঁইয়া এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আদেশটি ওই দিন থেকেই কার্যকর হয়েছে।
তবে এই নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, শিশু বিষয়ে কোনো বিশেষায়িত ডিগ্রি না থাকা সত্ত্বেও তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিশু বিভাগে তার চেয়ে জ্যেষ্ঠ বিসিএস কর্মকর্তা কর্মরত থাকা সত্ত্বেও তাকেই প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। আইসিএমএইচের অফিস আদেশে তার যোগ্যতা বা জ্যেষ্ঠতার বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ডা. নুরুল হক ভূঁইয়া ২১তম বিসিএসের একজন কর্মকর্তা। তার কর্মকর্তা কোড ১০৯৯৫১ এবং বিএমডিসি কোড ২৪১৯০। এছাড়া তিনি আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য। স্বাচিপের নারায়ণগঞ্জের সদস্য হিসেবে তার পরিচিতি সংক্রান্ত GM4601M ও C00994114041 নম্বরও তথ্যে পাওয়া গেছে।
এই নিয়োগের বিষয়ে বক্তব্য জানতে নুরুল হক ভূঁইয়ার মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।



























