নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২০
- আপডেট সময় : ০৭:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে যাত্রী বোঝাই একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে ঘটা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসে থাকা অনেক যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের ভেতর আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।




























