মহেশপুর সীমান্তে দালালসহ ৪ নারী আটক
- আপডেট সময় : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক কথিত দালালসহ চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
নায়েবে সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে মাঠে অবস্থানরত মোট পাঁচজনকে আটক করে। আটককৃত কথিত দালাল আল-আমিন খান (২৩) মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের রবিউল খার ছেলে।
আটককৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানিয়েছেন, আটক চার নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। এছাড়া দালাল আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।



























