চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ
- আপডেট সময় : ০২:৪৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে সিলেট জেলা ছাত্রদল। এই ঘটনায় ইউনিয়ন শাখার আট নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক জারনাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নোটিশে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে নোটিশের মূল বয়ানে সরাসরি চাঁদা আদায়ের অভিযোগটি উল্লেখ করা হয়নি।
শোকজ পাওয়া নেতারা হলেন ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি জামাল উদ্দীন, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মামা, শাহরিয়ার আহমদ ও নাজমুল হাসান।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের সশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল আহমেদ হেলু জানান, দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি লিখিতভাবে এর জবাব দেবেন। তবে অপর অভিযুক্ত জামাল উদ্দীন ও বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠলে জেলা ছাত্রদল এই পদক্ষেপ নেয়।



























