স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় র্যাবের মতো বাহিনী প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর
- আপডেট সময় : ০৬:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাবর বলেন, র্যাবের পরিবর্তে এসআরবি নামে যে সংগঠনটি আসছে, তা বর্তমান পরিস্থিতিতে জরুরি। তিনি উল্লেখ করেন, দেশে এখনো বিভিন্ন বোমা হামলা হচ্ছে এবং বোমা আসছে। পার্শ্ববর্তী কোনো একটি দেশ অতীতেও বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে এবং এখনো তা অব্যাহত রেখেছে, যে কারণে র্যাবের মতো একটি সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে এ ধরনের বাহিনীর কার্যক্রম পরিচালনা করা দরকার।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিগত ১৫ বছরের দুঃশাসনের সমালোচনা করে বলেন, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই সময় র্যাব শীর্ষ সন্ত্রাসীদের ধরা, চাঁদাবাজি রোধ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছিল। তিনি দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে র্যাবকে এক ঘণ্টার জন্যও রাজনৈতিকভাবে পরিচালিত করা হয়নি। তিনি বলেন, র্যাবের সফলতার সময় বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছিল, যা বিরোধী দলের সদস্যরা হয়তো ভুলে গেছেন।
র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার বিষয়ে বাবর বলেন, তিনি নিজেই ২০০৭ সালের ২৮ মে মিথ্যা অস্ত্র দিয়ে আটকের ঘটনায় র্যাবের ভুক্তভোগী ছিলেন। তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে এই অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তবে তিনি বিরোধী দলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে, এসআরবিকে জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার গভীর স্বার্থে অনেক কিছু বলা সম্ভব নয়, তবে এই সংগঠনটি অত্যন্ত প্রয়োজন।
তিনি জানান, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল এবং তখন তিনি র্যাব পরিবর্তনের বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। পরবর্তীতে তাদের আর কথা না হলেও, তিনি এখনো মনে করেন র্যাবের মতো একটি সংগঠন দেশের জন্য অপরিহার্য।





























