আপিল বিভাগে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতিসহ বিচারপতিরা
- আপডেট সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের একপর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা। মঙ্গলবার দুপুর ১২টার পর সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্র জানিয়েছে, এজলাস ত্যাগের পর ওইদিন আর আদালত বসেননি।
ঘটনার বিবরণ দিয়ে এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, আপিল বিভাগের কার্যতালিকায় থাকা এক নম্বর আইটেমের একটি মামলায় নারী আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা বা খরচা আরোপ করা হয়েছিল। ১৩ নম্বর আইটেমের শুনানি শেষ হওয়ার পর তিনি প্রধান বিচারপতির কাছে বিষয়টি নিয়ে কথা বলেন। খোকন বলেন, তিনি প্রধান বিচারপতিকে বিনয়ের সঙ্গে বলেছিলেন যে, তিনি দায়িত্ব নেওয়ার পর আপিল বিভাগে মামলার সংখ্যা কমে গেছে এবং পাঁচ লাখ টাকা জরিমানা একজন জুনিয়র আইনজীবীর জন্য অনেক বেশি। তিনি জরিমানার আদেশটি মাফ করে দেওয়ার অনুরোধ জানান।
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন আগে ১১ জন বিচারপতি ও তিনটি বেঞ্চ থাকলেও এখন একটি বেঞ্চ থাকায় মামলার জট বেড়েছে এবং আইনজীবীদের আয় কমেছে। তিনি বলেন, 'আমি খুব বিনয়ের সঙ্গে বললাম। আমি চিন্তা করিনি যে উনি এত রিঅ্যাক্ট করবেন। ওনারা তো রাগ অভিমানের ঊর্ধ্বে বিচার করার কথা। আর আইনজীবীদের প্রতিনিধি হিসেবে আমার অবলিগেশন আছে, ওনার কাছে আইনজীবীদের পক্ষে আবেদন করার।'
হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে মাহবুব উদ্দিন খোকন আরও অভিযোগ করেন, চেম্বার আদালতে স্থগিতাদেশ পাওয়া মামলাগুলো শুনানির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তিনি বলেন, সেখানে কোনো মেনশন করা যায় না কেন মামলাটি কার্যতালিকায় ওপরে ছিল এবং নিচে কেন গেল। যেহেতু এখন একটি বেঞ্চ, তাই মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার পাচ্ছে না এবং মামলা শুনানি করতে পারছে না। তিনি আরও বলেন, মামলা শুনানি হলে আইনজীবীদের আয় হবে, কম হোক বা বেশি হোক।



























