হেলিকপ্টারে গ্রামে ফেরা সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাইকে ওসির ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ১০:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রোববার দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামা সিঙ্গাপুরপ্রবাসী নাসির উদ্দিন শেখকে সেখানে উপস্থিত খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। নাসির উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি সিঙ্গাপুর থেকে বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হেলিকপ্টার ভাড়া করে গ্রামের বাড়িতে আসেন। হেলিকপ্টারে তাঁর সঙ্গে আরও দুজন ব্যবসায়িক অংশীদার ছিলেন।
নাসির উদ্দিনের ভাই রবিন রায়হান খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে মাঠের আশপাশে শতাধিক মানুষ ভিড় করেন এবং অনেকে বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, নাসির উদ্দিন একজন ‘আদম’ ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকারি কর্মকর্তাদের এ ধরনের ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সরকারি চাকরিবিধির পরিপন্থী বলে তাঁরা মন্তব্য করেন।
তবে ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি দাবি করেন, তারা নিরাপত্তার প্রয়োজনে সেখানে গিয়েছিলেন এবং এ ধরনের ব্যক্তিকে ফুল দেওয়ার কোনো সুযোগ নেই। রবিন রায়হান দাবি করেছেন, বাড়িতে দোয়া মাহফিল থাকায় তাঁর ভাই ও বিদেশি অতিথিরা এসেছেন। ওসির ফুল দেওয়ার বিষয়ে তিনি বলেন, ফুলগুলো কাদায় পড়ে যাচ্ছিল বলে ওসি তা ধরাধরি করেছিলেন মাত্র।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।





























