শেওড়াপাড়ায় শিশু অপহরণ, সিসিটিভিতে ধরা পড়া তরুণীর খোঁজ মেলেনি দুই দিনেও
- আপডেট সময় : ০৫:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী এক শিশু অপহরণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিশুটি নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাত ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটির বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক এবং তারা পূর্ব শেওড়াপাড়ায় বসবাস করেন।
ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাসার কাছেই খেলছিল শিশুটি। এরপর থেকেই সে নিখোঁজ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখেছে, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলি থেকে ২০-২২ বছর বয়সী কালো সালোয়ার-কামিজ পরা এক তরুণী শিশুটিকে হাত ধরে নিয়ে যাচ্ছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফুটেজ দেখে মনে হচ্ছে শিশুটি ওই তরুণীর পূর্বপরিচিত। সন্দেহভাজন ওই তরুণী শিশুটিকে নিয়ে একটি রিকশায় উঠে পড়েন। পুলিশ ধারাবাহিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রিকশাটির অবস্থান আগারগাঁও পর্যন্ত শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে এরপর রিকশাটি কোথায় গেছে, তা এখনো জানা যায়নি। ওসি সাইফুল ইসলাম আরও জানান, আগারগাঁও মোড় থেকে বিএনপি বস্তি কাছে হওয়ায় পুলিশ সেখানেও অনুসন্ধান চালিয়েছে, কিন্তু ওই নারীকে সেখানে কেউ চিনতে পারেননি।
তদন্তের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং রিকশাটি খুঁজে বের করার চেষ্টা করছে। রিকশাটি পাওয়া গেলে শিশুটির সন্ধানের পথ সহজ হবে বলে পুলিশ আশা করছে। এ ঘটনায় শুক্রবার শিশুটির স্বজনরা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অপহরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ এ পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে এক দিন থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে, যার মধ্যে ৬৮টি এখনো উদ্ধার হয়নি। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩টি শিশু নিখোঁজ হয়েছে এবং এখনো ১ হাজার ৯৭০টি শিশু নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে এই সাত মাসে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ২ হাজার ৩৮টি শিশু উদ্ধার হয়নি। এছাড়া ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি এবং ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে ১৬ হাজার ৪১৪ ও ২২ হাজার ৫৫০টি শিশু নিখোঁজের জিডি হয়েছিল।
উদ্ধার হয়েছে ৪০৬, উদ্ধার হয়নি ৬৮টি।একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩।
উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩, উদ্ধার হয়নি ১ হাজার ৯৭০টি।


























