তৃতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ শেষ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
- আপডেট সময় : ০৫:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৫
দেশের ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় মাইলফলক অর্জিত হয়েছে। তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলোর কার্যকারিতা পরীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশে ব্যান্ডউইথের কোনো সংকট থাকবে না এবং গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম ডাক বিভাগের আধুনিকায়নে সরকারের নানা পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সরকারি ডাকসেবার ওপর সাধারণ মানুষের গভীর আস্থা রয়েছে। এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করতে দেশজুড়ে ৯ হাজারেরও বেশি ডাকঘর উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত আম মৌসুমে বিদেশে পাঠানো চালানসহ প্রায় ৩৫০ টন আম ডাক বিভাগের মাধ্যমে পরিবহন করা হয়েছে।
ডাক প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস সেবার আধুনিকায়নে মনিটরিং সফটওয়্যারের ব্যবহার সম্পর্কে মন্ত্রী জানান, এ ক্ষেত্রে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটরের সেবার মান বাড়াতে ভয়েস ওভার ওয়াইফাই এবং ভয়েস ওভার এলটিই-এর মতো আধুনিক প্রযুক্তিগুলো পরীক্ষামূলকভাবে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহক ভোগান্তি কমাতে বিটিআরসির অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার লক্ষ্যে একটি পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।




























