ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসি বদলি
- আপডেট সময় : ০৩:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দুটি পৃথক কার্যালয় আদেশের মাধ্যমে তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
এক আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য একটি আদেশে ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে। একই আদেশে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তালিকায় আরও রয়েছে ডিবি-রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরী, যাকে পিওএম-পূর্ব বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে পদায়ন করা হয়েছে।





























