নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা বাড়াতে রাষ্ট্রপতির নির্দেশনা
- আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটিতে আরও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে কমিশনকে সততা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার দিকনির্দেশনা দেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশীদের এনআইডি সেবাসহ বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এছাড়া বর্তমান কমিশনের অধীনে আসন্ন স্থানীয় সরকারসহ অন্যান্য সকল নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রমে তাঁর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


























