বদলির দুই সপ্তাহ পরও ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড তারেক রহমান
- আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বদলির আদেশ জারির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নিজ কর্মস্থল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাড়েননি সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড তারেক রহমান। গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্না স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বদলি করা হয়। তবে দুই সপ্তাহ পার হয়ে গেলেও তিনি ব্রাহ্মণপাড়ায় কর্মরত রয়েছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়রা সরকারি বদলির আদেশ বাস্তবায়নে এই বিলম্বের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, একজন সরকারি কর্মকর্তা বদলির আদেশ পাওয়ার পরও কীভাবে আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। বদলি কার্যকরের ক্ষেত্রে কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে কি না, সেটিও জানতে চেয়েছেন স্থানীয়রা।
তারেক রহমানের বিরুদ্ধে গত প্রায় এক বছর ধরে ভূমি অফিসের কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপজেলা ড্রেজার মেশিনের নিয়ন্ত্রণ। এছাড়া ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য ও ড্রেজার-বাণিজ্যে তার জড়িত থাকার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে এসিল্যান্ড তারেক রহমান আমার দেশ-কে বলেন, তিনি এই চিঠি পেয়েছেন, তবে পরের চিঠি পাননি। পরবর্তী কোনো চিঠি এসেছে কি না জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, তারেক রহমান ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন। স্থানীয়দের অভিযোগ ও বদলির আদেশ কার্যকর না হওয়ার বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।



























