তারাগঞ্জে সরকারি উদ্যোগ ছাড়াই ভাঙা সড়ক সংস্কারে নামলেন গ্রামবাসী

- আপডেট সময় : ০৭:৪৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের ধসে যাওয়া একটি সেতুর সংযোগ সড়ক সংস্কারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা দুর্ভোগ লাঘবে সরকারি কোনো উদ্যোগের জন্য আর অপেক্ষা না করে, নিজেরাই চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের কাজে নেমেছেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার গ্রামের সর্বস্তরের মানুষ রড, সিমেন্ট, বালুসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও সংস্কারকাজে অংশ নেন। তরুণ থেকে শুরু করে প্রবীণ—সবাই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে শামিল হয়েছেন। কেউ অর্থ দিয়ে, কেউ নির্মাণসামগ্রী কিনে দিয়ে, আবার কেউ সরাসরি শারীরিক পরিশ্রমের মাধ্যমে কাজ এগিয়ে নিচ্ছেন। স্থানীয়দের আশা, দ্রুত এই সংস্কারকাজ শেষ হলে এলাকায় স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হবে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দোয়ালিপাড়া গ্রামের এই সেতুর সংযোগ সড়কটি ধসে যাওয়ার পর থেকে দোয়ালিপাড়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও রোগীদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়।
এলাকার বাসিন্দা আব্দুর রহমান তাঁর ক্ষোভ ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে থাকলেও সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করেছি। দ্রুত কাজ শেষ করতে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।"
তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জামান সরকার জানান, এটি তাঁদের গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের একমাত্র পথ। দীর্ঘদিন রাস্তাটি ভেঙে থাকায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, "উপজেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় এলাকাবাসী নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন।"
ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও রড বসিয়ে সংস্কারকাজে গ্রামবাসীর এমন সম্মিলিত প্রচেষ্টা পুরো এলাকায় প্রশংসিত হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, জনগণের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ সাময়িক সমাধান মাত্র। দীর্ঘমেয়াদে নিরাপদ যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ও স্থায়ীভাবে সেতু ও সংযোগ সড়কটি পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া।
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭: ১৪আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৭: ১৬

























