যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের ওপর আরোপ হচ্ছে না: উপদেষ্টা ডা. জাহেদ

- আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন ১০ শতাংশ শুল্ক বাংলাদেশের ওপর কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার। এছাড়া সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো মামলা করা হচ্ছে না বলে তিনি স্পষ্ট করেন। তিনি বলেন, পদে থাকাকালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। তবে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ার আগে কিংবা পরের কোনো অপরাধ থাকলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
দেশের চলমান জ্বালানি সংকটের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, পূর্ববর্তী সরকারের জ্বালানি খাতের সিদ্ধান্তহীনতার কারণেই মূলত বর্তমানের এই জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, এতদিন দেশে কোনো জ্বালানি নিরাপত্তা ছিল না এবং কেবল অলিগার্কদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য গ্যাস উত্তোলনে কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। বর্তমান সরকার এই সংকট দূর করতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা ও বিগত আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ মারণাস্ত্র ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭ দশমিক ৬২ গুলি ছুড়েছে। এছাড়া ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো ব্যবস্থা না নিলেও, এর বিচার না করাকে অবিচার হিসেবে অভিহিত করেন তিনি। একই সাথে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশ্বস্ত করে তিনি বলেন, আইন অমান্যকারী যেই হোক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে এবং এ ঘটনাকে সরকার কোনোভাবেই উপেক্ষা করবে না। শাপলা চত্বরে যে বিপর্যয় বা ঘটনা ঘটেছে, সেখানে সরকার তার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সময় যে যে আইন ভঙ্গ হয়েছে, তার প্রতিটির বিচার হতে হবে।



























