বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত করল কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এই প্রশিক্ষণে কোনো নারী কর্মকর্তাকে সুযোগ না দেওয়া নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের পরিচালনায় 'অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৭৩ জন কর্মকর্তা আবেদন করেছিলেন। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী। তবে প্রাথমিকভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৩০ জনের যে চূড়ান্ত তালিকা করা হয়েছিল, তাতে কোনো নারী স্থান পাননি। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার মুখে ব্যাংক কর্তৃপক্ষ নতুন অফিস আদেশ জারি করে।
নতুন এই আদেশে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের অতিরিক্ত পরিচালক আফসানা রহমান, পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ এর অতিরিক্ত পরিচালক নাজিয়া হক, ব্যাংক সুপারভিশন বিভাগ-১০ এর উপ-পরিচালক শামীমা আফরোজ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর উপ-পরিচালক শারমিন আক্তার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের মোট আসনসংখ্যা ৩০টি অপরিবর্তিত রাখতে চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নারী আবেদনকারীদের অংশগ্রহণের হার ছিল মোট আবেদনের প্রায় ১৪ শতাংশ, যা সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। ১২ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এবং প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, পর্যায়ক্রমে আরও ব্যাচ পরিচালিত হবে, যেখানে বর্তমানে সুযোগ না পাওয়া কর্মকর্তারা অংশ নিতে পারবেন। নারীবান্ধব কর্মপরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।



























