ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
- আপডেট সময় : ০৫:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি কর্মকর্তাদের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইজিপি আরও বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার পূর্বশর্ত হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সদস্যদের বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান আইজিপি। তিনি নবীন কর্মকর্তাদের অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো প্রযুক্তিভিত্তিক অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষ হওয়ার পরামর্শ দেন। এছাড়া ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্র সেবার গৌরবময় দায়িত্ব পেল। অনুষ্ঠানটির শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ। এ সময় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















