চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু
- আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ ধর্মঘট কার্যকর হয়েছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ জানান, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ইজিবাইক চালক ও শ্রমিকরা সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেয়। এসময় তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বাসে হামলা চালায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
হাজী আবুল কালাম আজাদ আরও জানান, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধের বিষয়ে প্রশাসন যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে, ততক্ষণ চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।




























