বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত

- আপডেট সময় : ০৯:০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে ২০২৭-এ (২য় গ্রুপ) ব্যাচে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা ডিসেম্বর ২০২৬ সালের শেষ সপ্তাহে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সে.মি. (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সে.মি. (৩০ ইঞ্চি) ও সম্প্রসারিত অবস্থায় ৮১ সে.মি. (৩২ ইঞ্চি) হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ১৫৫ সে.মি. (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭১ সে.মি. (২৮ ইঞ্চি) ও সম্প্রসারিত অবস্থায় ৭৬ সে.মি. (৩০ ইঞ্চি) নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬.৫ থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। প্রার্থীর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে।
এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই সরাসরি আইএসএসবি (ISSB) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার প্রার্থীরাও আবেদনের যোগ্য।
আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে থাকা 'APPLY NOW' বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন ফি বাবদ ১০০ টাকা অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
নিয়োগের ক্ষেত্রে কিছু অযোগ্যতাও উল্লেখ করা হয়েছে। সরকারি বা সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি, আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদনযোগ্য), সশস্ত্র বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত বা যেকোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। নির্বাচিত ক্যাডেটগণ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও সরকারি অন্যান্য সুবিধা পাবেন।





























