ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির
- আপডেট সময় : ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রোববার চালানো এই হামলায় ইরানি সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক মাসেরও বেশি সময় পর ইরানি ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় দ্বীপটিতে থাকা ইরানের দুটি উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলপথ থেকে গত সপ্তাহে সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন যে, নতুন করে মাইন স্থাপনকারী যেকোনো নৌযানকে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করা হবে।
এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। বাহিনীর মুখপাত্র সরদার মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করেছে, যার জন্য তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে। আইআরআইবি জানিয়েছে, হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক লোক নিহত ও আহত হয়েছেন, তবে আইআরজিসি এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।


























