যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় আফগানিস্তানের তালেবান সরকার
- আপডেট সময় : ১১:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দীর্ঘ ২০ বছর মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় যে নীতি অনুসরণ করা হয়েছিল, তা পরিবর্তন করতে চায় তালেবান। তারা আর শত্রুতাপূর্ণ মনোভাব ধরে রাখতে চায় না। তালেবান যোদ্ধারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দুই যুগের বেশি সময় ধরে যুদ্ধ করে তাদের আফগানিস্তান থেকে হটাতে বাধ্য করেছিল, তবে এখন সেই তিক্ততা ভুলে মার্কিনিদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার আগ্রহের কথা জানালেন জাবিহুল্লাহ।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের বরাতে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) জাবিহুল্লাহ মুজাহিদ ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, “আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং আমরা যুদ্ধকালীন নীতিও পরিবর্তন করতে চাই। আমরা চাই যুক্তরাষ্ট্রের দূতাবাস আবারও আফগানিস্তানে তাদের কার্যক্রম শুরু করবে এবং ওয়াশিংটনে আমাদের দূতাবাসের কার্যক্রম শুরু হবে। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হবে আমরা সেটাই চাই।”
মুজাহিদ আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে আফগানিস্তান এই অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না। এছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে হওয়া মক্কা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাবিহুল্লাহ বলেন, এই চুক্তি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তিনি আরও যোগ করেন, এই তিন দেশের কারও সঙ্গেই তালেবানের শত্রুতা নেই এবং ইসলামিক দেশগুলোর মধ্যে জোট গঠন হলে তা মুসলিমদের শক্তি বৃদ্ধি করবে।




























