তেল কোম্পানির অতিরিক্ত মুনাফায় উইন্ডফল ট্যাক্স চায় ইইউর ৬ দেশ
- আপডেট সময় : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেল কোম্পানিগুলোর মুনাফা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ওপর ‘উইন্ডফল ট্যাক্স’ বা অতিরিক্ত মুনাফার কর আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্য দেশ। জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেনের অর্থমন্ত্রীদের স্বাক্ষরিত একটি যৌথ চিঠিতে এই দাবি জানানো হয়েছে। চিঠিটি বর্তমানে ইইউর ঘূর্ণায়মান সভাপতির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আগামী মাসে ডাবলিনে অনুষ্ঠেয় ইইউর অর্থমন্ত্রীদের বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দেশগুলো।
এএফপির দেখা খসড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। একই সময়ে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, তেল কোম্পানিগুলোর সামগ্রিক মুনাফা এবং পরিশোধিত জ্বালানি পণ্যের মুনাফার হার অপরিশোধিত তেলের দাম বাড়ার হারের তুলনায় অনেক বেশি বেড়েছে।
ছয়টি দেশ ইইউজুড়ে অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের একটি অভিন্ন কাঠামো তৈরির বিষয়ে আলোচনা করতে আগ্রহী। এক্ষেত্রে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি কোম্পানিগুলোর ওপর সাময়িকভাবে যে অতিরিক্ত কর আরোপ করা হয়েছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলও এর আগে বলেছেন, সংকটময় সময়ে জ্বালানি কোম্পানিগুলোকে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেওয়া উচিত নয়। তার মন্ত্রণালয়ের একটি সূত্রের ভাষ্য, এই সংকট থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা ভোক্তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত।
তবে ইইউ এখনও তেল কোম্পানিগুলোর ওপর নতুন কোনো উইন্ডফল ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যেও মতভেদ রয়েছে। জার্মানির ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এই প্রস্তাবের পক্ষে থাকলেও, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর বিরোধিতা করছে।




























