মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৪
- আপডেট সময় : ০৫:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মঠের প্রাঙ্গণে দেশটির সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সামরিক সরকার বিরোধী একটি সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২১ আগস্ট) সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপ (সিডিএসওএম) জানিয়েছে, মান্দালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এই হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র নওয়ে উ জানান, একটি যুদ্ধবিমান সরাসরি মঠের প্রাঙ্গণে বোমা নিক্ষেপ করে।
স্থানীয় এক বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী লেন্টকালীন ধর্মীয় আয়োজন উপলক্ষে ওই সময় মঠ ও এর আশপাশে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তির ভাষ্যমতে, যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে গ্রামটিতে দুটি বোমা ফেলে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন স্থানীয়রা।





























