শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
- আপডেট সময় : ০৫:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র সরদার মোহেবি স্পষ্ট জানিয়েছেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি কেবল তার ওপর নির্ভর করছে না। তিনি পুনর্ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নির্ধারিত সব শর্ত পুরোপুরি মেনে নেয়, কেবল তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, তেহরান কোনো যুদ্ধ বা ভূখণ্ড বিস্তারে আগ্রহী নয়। তবে কোনো শক্তির হুমকি বা জবরদস্তির কাছে ইরান নতি স্বীকার করবে না।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর দাবি করেছে ইরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পাদিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি জানান, পাকিস্তানের সঙ্গে সমঝোতার পাঁচ নম্বর ধারা বাস্তবায়নের পর এক মাসের মধ্যে পণ্যবাহী নৌ চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। তার দাবি, মাত্র দুই সপ্তাহের মধ্যেই প্রণালিতে ৬০ শতাংশ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের কারণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র জানিয়েছেন, ওমানের সঙ্গে একটি সাধারণ সমঝোতা কাঠামোর সম্ভাবনা থাকলেও তা এখনো উচ্চপর্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চুক্তি অনুযায়ী যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে গণ্য করার বিধান রয়েছে।

























