মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

- আপডেট সময় : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর আবারও পালটাপালটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। তেলের বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে মার্কিন বাজারে জ্বালানি তেলের মজুত হ্রাসের সাম্প্রতিক তথ্য।
বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিট নাগাদ বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩.১৫ ডলার বা ৩.৮ শতাংশ বেড়ে ৮৭.২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.৭৩ ডলার বা ৩.৪ শতাংশ বেড়ে ৮১.৯৯ ডলারে দাঁড়িয়েছে।
আইএনজির বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন বাহিনীর ওপর একটি সারপ্রাইজ অ্যাটাকের চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনার পরপরই বাজারে নতুন করে দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। এই ঘটনা সংঘাত দ্রুত নিরসনের আশাকে ফিকে করে দিয়েছে। এর আগে সৌদি আরবের তেল প্রতিষ্ঠানে ড্রোন হামলার জবাবে আজ সকালে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এছাড়া হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ওমানের প্রস্তাবিত যৌথ পরিচালনা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সরবরাহ হতো।
ডিবিএস ব্যাংকের শক্তি গবেষণা বিভাগের প্রধান সুভ্রো সরকার জানান, মধ্যপ্রাচ্য সংঘাতের অস্থিরতার কারণে আপাতত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ থেকে ১০০ ডলারের ঘরেই ঘোরাফেরা করবে। পাশাপাশি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, গত ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৩৩ লাখ ব্যারেল কমেছে, যা বাজারে বড় প্রভাব ফেলেছে।




























