ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে অভূতপূর্ব হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০৬:৪৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে—এমন খবরের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি নিহত হন তবে যুক্তরাষ্ট্র এমন মাত্রায় হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি কোনো কিছু ঘটে, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা হামলা চালাতে হবে, যা তারা আগে কখনো দেখেনি।’
মধ্যপ্রাচ্যে গত মঙ্গলবার ও বুধবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে সবচেয়ে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় পরিস্থিতির অবনতি ঘটে। ওয়াশিংটন একে প্রাথমিক শান্তি চুক্তি বা ‘সমঝোতা স্মারক’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। যদিও শুক্রবার পর্যন্ত নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি, তবুও মার্কিন সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল ট্রাম্পকে ইরানের নতুন একটি হত্যাচক্রান্তের বিষয়ে সতর্ক করেছে। তবে ট্রাম্প বিষয়টি গুরুত্ব কমিয়ে দিয়ে বলেন, ইসরায়েল নতুন কোনো তথ্য খুঁজে পায়নি। তিনি দীর্ঘ সময় ধরেই তাদের তালিকায় রয়েছেন বলে উল্লেখ করেন। এদিকে কিছু মার্কিন কর্মকর্তা এই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল হয়তো ট্রাম্পকে আবারও সামরিক পদক্ষেপে ফেরানোর চেষ্টা করছে।
২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠানে ট্রাম্পের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ডাক সম্বলিত ব্যানার প্রদর্শিত হয়, যেখানে ট্রাম্পের ছবিকে বন্দুকের নিশানায় দেখানো হয়েছিল। এই নিরাপত্তা উদ্বেগের কারণেই বুধবার ট্রাম্পের সফর পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন কাতারি উড়োজাহাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাকে ন্যাটো সম্মেলন থেকে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে ফিরে আসতে হয়েছে।
এর আগে মার্চ মাসে আসিফ মার্চেন্ট নামের এক ব্যক্তিকে ফেডারেল জুরি দোষী সাব্যস্ত করে, যিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যোগাযোগ রেখে ২০২৪ সালে ট্রাম্পকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন। ওই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর বাইডেন প্রশাসন তেহরানকে সতর্ক করে বলেছিল, ট্রাম্পকে হত্যা করা হলে তা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে।
বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, জুনে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক আর কার্যকর নেই এবং তিনি ইরানকে ‘একটি ক্যানসার’ হিসেবে অভিহিত করেন। তবে শুক্রবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে, যদিও যুদ্ধবিরতি যে শেষ হয়ে গেছে তা তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।



























